দিল্লিতে অভিষেক,ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে রবিতে যাওয়ার সম্ভাবনা মমতার

46

দেবারতি ঘোষ, কলকাতা: রাজ্যে পালা বদলের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ রবিবার দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগামী ৮ জুন রাজধানীতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকেই যোগ দিতে তৃণমূল নেতৃত্বের দিল্লি সফর বলে জানা গিয়েছে।

রাজ্যের রাজনৈতিক সমীকরণে সাম্প্রতিক পরিবর্তনের পর এই প্রথম অন্য রাজ্যের বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব এবং ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তৃণমূল সূত্রে খবর,ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মসূচি,কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে যৌথ আন্দোলনের রূপরেখা এবং জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর তৃণমূলের অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও বৈঠকের আড়ালে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে নজর থাকবে অন্যান্য শরিক দলেরও।

ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি পৌঁছনোকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আগামী ৮ জুনের বৈঠকে কী বার্তা দেয় তৃণমূল,অন্যান্য শরিক দলগুলির সঙ্গে কী ধরনের সমন্বয়ের রূপরেখা তৈরি হয় এবং বৈঠক শেষে কী সিদ্ধান্ত সামনে আসে,সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।