মেড ইন পাকিস্তান! জিনিস কিনে বিপাকে মহিলা, ভারতে বড় চক্র?

33

নিউজ ডেস্ক: ‘মেড ইন ইন্ডিয়া’ কিংবা ‘মেড ইন চায়না’। কোনও বস্তু কোথায় তৈরি হয়েছে প্রতিটি জিনিসে এ ভাবেই উৎপাদনশীল দেশের নাম লেখা থাকে প্রতিটি বস্তুতে। কিন্তু ভারতের কোনও জিনিসে ‘মেড ইন পাকিস্তান’ এমন লেখা কি দেখেছেন? এক মহিলার একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তদন্তেও নেমে পড়েছে পুলিশ। মহারাষ্ট্রের পুণেতে পূজা শরাফ নামে এক মহিলা একটি বেড শিট কিনেছেন। ভিডিওতে যে স্টিকার তিনি দেখাচ্ছেন তাতে লেখা ‘মেড ইন পাকিস্তান’।

গত বুধবার মোরায়া গোসাবি মন্দির এলাকায় একটি ধর্মীয় মেলায় বেড শিট ( বিছানার চাদর) কিনেছিলেন পূজা শরাফ।
প্রতি মাসে সঙ্কষ্ঠি চতুর্থীতে এই মেলা হয়। যেখানে ছোটো ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র বিক্রি করেন। সেখান থেকেই বেড শিটটি কেনেন পূজা। এরপরই তাঁর চোখ কপালে উঠে যায় বিছানার চাদরে মেড ইন পাকিস্তান লেখা স্টিকার দেখে। তাঁর প্রশ্ন, ‘আমরা কোথায় বাস করি? দেশের সীমান্তেও থাকি না, তাহলে কিভাবে পাকিস্তানে তৈরি জিনিস এখানে?’ উদ্বেগের সঙ্গে পূজা বলছেন, আরও অনেকেই এই ধরনের বিছানার চাদর কিনেছেন।

বিছানার চাদরে লেখা এই স্টিকারই ভাইরাল

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান থেকে সমস্ত জিনিস ভারতে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তাহলে কী ভাবে পাকিস্তানে উৎপাদিত জিনিস ভারতে এলো?
ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। পিম্প্রি চিনচওয়াড় থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। একটি স্পেশাল টিম গঠন করে তদন্ত শুরু করেছে। যদিও কোনও অফিসিয়াল অভিযোগ দায়ের হয়নি। পিম্প্রি চিনচওয়াড় পুরসভাকে কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। যাতে ওই বিছানার চাদর বিক্রেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়।

গত মাসে, মহারাষ্ট্রের ধুলে এলাকায় ২ ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ ওঠে, পাকিস্তানি জিনিস মজুত করে তা বিক্রি করছে ওই ব্যবসায়ীরা। গত ৪ এপ্রিল পুলিশের হানা ২ জায়গা থেকে মেড ইন পাকিস্তান লেখা কসমেটিক্স জিনিস যেমন- ফর্সা হওয়ার ক্রিম, সাবান, সিরাম, সুন্দর্যের বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত এই জিনিসগুলির মোট মূল্য প্রায় ৬১ হাজার টাকা। এর কিছু দিন আগেই ছত্রপতি সম্ভাজিনগরে ৩ ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ। তারাও পাকিস্তানি জিনিস মজুত করছিল বলে অভিযোগ।