যাদবপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা

17

পৃথা দাশগুপ্ত, কলকাতা: রবিবার যাদবপুর স্টেশন এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা। উচ্ছেদের প্রতিবাদে বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ। ঘটনায় গ্রেফতার একাধিক।

রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান রেল কর্তৃপক্ষের। স্টেশন সংলগ্ন একাধিক বেআইনি দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই উচ্ছেদকে কেন্দ্র করেই সৃষ্টি হয় তুমুল উত্তেজনা। উচ্ছেদের বিরুদ্ধে বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকেরা যৌথভাবে প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দাদের একাংশও বিক্ষোভে অংশ নেন। অভিযানের সময় সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সৃজন ভট্টাচার্যের অভিযোগ, আদালত ও আইনকে উপেক্ষা করেই রেল এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের সময় লাঠিচার্জ করা হয়। উচ্ছেদ ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অভিযানের প্রতিবাদে কেউ বুলডোজারের সামনে শুয়ে পড়েন, আবার কেউ বুলডোজারের উপর উঠে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন কলকাতা পুলিশ, রেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আপাতত নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় ব্যারিকেডও বসানো হয়েছে।

বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে এবং আদালতের নির্দেশের বিষয়টি বিবেচনা না করেই উচ্ছেদ করা হয়েছে। তাঁরা পুলিশকে জানান, আদালত খোলার পর প্রয়োজনীয় নথি রেলকে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ।

এরই পরিপ্রেক্ষিতে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই কর্মী-সমর্থকদের বিক্ষোভ।