ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি

11

পৃথা দাশগুপ্ত, কলকাতা : সোমবারই সিআইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাজিরা না দিয়ে আপাতত দিল্লিতে রয়েছেন অভিযেক। শনিবারই দিল্লিতে চলে গেছেন তিনি।‌ আজ ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়‌ও ছিলেন। দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর আজ ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে হাজির হন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। ‌ কিন্তু স্বাভাবিকভাবেই ডায়মন্ডহারবারের সাংসদ বাড়িতে না থাকায় ফের নোটিশ দিয়ে ফিরে আসেন তাঁরা।

বিধায়কদেরও সই জালিয়াতির তদন্তে নেমে একাধিক বিধায়কের বাড়িতে যাচ্ছেন সিআইডির আধিকারিকরা।‌ বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পর আজ ভবানীভবনে একই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়। বাড়িতে নোটিশ দিয়ে এসেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই নোটিশ রিসিভ করেছিলেন অভিষেক।‌ কিন্তু আজ‌ও ভবানীভবনে গরহাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের সিআইডির তদন্তকারী আধিকারিকরা। ১০ জুন হাইকোর্টে মামলার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। কিন্তু শনিবার‌ই দিল্লি চলে যান অভিষেক।‌ যদিও গত শনিবার নোটিশ রিসিভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি তদন্তে সহযোগিতা করবেন।‌ সোমবার সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা বেশ কিছুক্ষণ থাকেন ও ভিডিওগ্রাফি করেন এবং বেরিয়ে যান। পরবর্তী পদক্ষেপ হিসেবে তাঁরা কী করেন এখন সেটাই দেখার।