তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে ভাঙন? সরব তৃণমূল সাংসদ, শাহকে সিঁদুর কটাক্ষ কীর্তির

53


নিউজ ডেস্ক:
তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে রয়েছেন তিনি। এমন খবর প্রকাশ্যে আসতেই নিজের সিদ্ধান্ত স্পষ্ট করলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। বুধবার খবর ছড়িয়ে পড়ে লোকসভায় তৃণমূল বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে যোগ দিতে চলেছেন প্রতিমা। তাঁরাই আসল তৃণমূল এই সংক্রান্ত যে চিঠি স্পিকারকে পাঠানো হয়েছে তাতে নাকি সই করেছেন জয়নগরের তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার প্রতিমা জানান, ‘দলের কেউ আমাকে ফোন করেনি। দলের কিছু সাংসদদের আমিই ফোন করেছিলাম। কারণ চলতি পরিস্থিতিতে তৃণমূল কী ভাবে চলবে তা জানতে চেয়েছিলাম। কলকাতায় একটি বৈঠক করা জন্যও বলি। কিন্তু তাঁরা আমাকে দিল্লিতে আসতে বলেন। ওরা যা বলছিল তা আমার ঠিক মনে হয়নি। আমি দিল্লি যাইনি।’

তৃণমূল ভাঙিয়ে বিজেপির দিকে টানার চেষ্টাকে কটাক্ষ করে মমতার সঙ্গে থাকা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অমিত শাহের তত্ত্বাবধানে ‘অপারেশন লোটাস’ পুরোদমে চলছে। বিভিন্ন সূত্র থেকে নানা নাম উঠে আসছে, কিন্তু এই কৌশল কাজে আসছে না। ভবিষ্যতের কথা বলতে পারব না, তবে তাদের হাতে নিশ্চিতভাবেই ১৬ জনের নাম নেই। টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে; আর এখন পশ্চিমবঙ্গ পুলিশ ওইসব সাংসদের বাসভবন ও কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়েছে। আসুন অমিত শাহ, আরেকটু জোর চেষ্টা করুন। শেষ পর্যন্ত, আপনার সিঁথিতে যে সিঁদুর—তা তো তারই দেওয়া, যে কিনা ক্যামেরায় পাঁচ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছিল।’

তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়েও কিছু দিন আগেই জানান, বিজেপি থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি ভেবে জানাবেন বলে এড়িয়ে গিয়েছেন। ফলে মহারাষ্ট্র, কর্নাটকের মতো অপারেশন লোটাস যে এবার বঙ্গের রাজনীতিতে তা স্পষ্ট বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই।