স্টাফ রিপোর্টার, শিলচর: কাছাড়ের ধলাইয়ে সড়ক দুৰ্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল দ্রুতবেগী বাইক। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বাইক চালক। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জানা গেছে, ধলাই বিধানসভা আসনের ভাগাবাজারের কাছে রাজঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, একটি বাইকের টেস্ট ড্রাইভের সময় নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তায় বাক নেওয়ার সময় বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা মেরে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার সময় বাইকটি বেশ গতিতে ছিল। ফলে গুরুতরভাবে জখম হন বাইক চালক। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় যানবাহন পুলিশ। গোটা ঘটনা বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়।