আহাদুল আহমেদ, শিলচর: শিক্ষকের অভাবে এই রাজ্যের বহু স্কুলে শিক্ষাদান লাটে। কিন্তু কাছাড় জেলায় এমন একটি স্কুল রয়েছে, যে স্কুলে দেখা গেল উল্টো ছবি। এখানে শিক্ষক-কর্মচারীর অভাব নেই, পড়ুয়াদের অভাবে বন্ধের পথে একটি সরকারি স্কুল।
কাছাড় জেলার বড়খলা বিধানসভা আসনে রয়েছে এই স্কুলটি। নাম ‘বড়খলা গার্লস এমই স্কুল। বিশাল স্কুল পরিসর। কিন্তু এই স্কুলে নেই কোনও ছাত্রী। সরকারি হিসেব মতে, বর্তমানে এই স্কুলে রয়েছে মাত্র দু-জন ছাত্রী। কিন্তু তারাও নিয়মিত স্কুলে আসে না। বিপরীতে স্কুলে রয়েছেন তিনজন শিক্ষক, একজন চতুর্থ শ্রেণির কর্মী ও দু-জন রাঁধুনি।
স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, স্কুল পরিচালন সমিতির সভাপতি একজন গাড়িচালক। তিনি কোনও দিনই স্কুলের সমস্যা সমাধানে উদ্যোগ নেননি। শুধুমাত্র সরকারি তহবিল এলেই তাঁকে স্কুলে দেখা যায়। এদিকে, স্কুলের প্রধান শিক্ষক এলাকাবাসীর সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেছেন বলে জানা গেছে। এলাকার সচেতন লোকেদের সঙ্গে কথা বলেছেন। যাতে স্থানীয় অভিভাবকরা নিজের সন্তানকে এই স্কুলে ভর্তি করান। কিন্তু সব প্রয়াসই ব্যর্থ হয়েছে। তাই যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে বড়খলার এই স্কুলটি।