রাস্তার বেহাল দশায় পথে এলাকাবাসী, ‘কাগজে নয় উন্নয়ন হোক বাস্তবে’

16

মৃন্ময় শর্মা: কাছাড়ের কাটলিছড়ার রাঙাবাক প্রথম খণ্ডের বাগান ফেরিঘাট সংলগ্ন রাস্তার বেহাল দশা। চরম দুর্ভোগে শতাধিক পরিবার। বিধায়ক মিলন দাসের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর।
কাটলীছড়া পঞ্চায়েতের অন্তর্গত রাঙাবাক প্রথম খণ্ড এলাকার বাগান ফেরিঘাট সংলগ্ন রাস্তার সংস্কারের দাবিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার মানুষকে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর দেশের অধিকাংশ গ্রামীণ সড়কের উন্নয়ন হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তার প্রকৃত সংস্কার আজও হয়নি। কাগজে-কলমে দু’বার সংস্কারের কাজ দেখানো হলেও বাস্তবে রাস্তার কোনো উন্নয়ন হয়নি বলে দাবি তাদের। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে এবং বর্ষার মরশুমে হাঁটু জল পেরিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীকে। এ অঞ্চলে প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবারের বসবাস। কিন্তু দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত জল নিকাশির অভাবে বর্ষাকালে জল জমে ভয়াবহ রূপ নেয়। অনেক বাড়িঘরে জল ঢুকে যায়। ফলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। মানুষের ভোগান্তি চরমে পৌঁছে যায়।
সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জলমগ্ন ও কর্দমাক্ত রাস্তা পেরিয়ে তাদের স্কুল-কলেজে যেতে হয়। অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুড়ি শোনা যায় জনপ্রতিনিধিদের মুখে। অথচ ভোট চলে গেলে উন্নয়নের ছোঁয়াটুকু লাগে না এসব এলাকায়। বছরের পর বছর ধরে কাটলিছড়ার বাসিন্দারা উন্নয়নের আশায় অপেক্ষা করছেন। কিন্তু বাস্তব ছবিটা এখনও পাল্টায় নি। তাই এলাকার মানুষ একত্রিত হয়ে বিধায়ক মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত রাস্তার স্থায়ী সংস্কার ও কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার দাবি জানান। এলাকাবাসীর একটাই দাবি কাগজে নয়, উন্নয়ন হোক বাস্তবে।