বাঁকুড়ার ছাতনায় ‘মদ্যপ’ পঞ্চায়েত প্রধানের কীর্তি ভাইরাল

24

বাঁকুড়া,ছাতনা: কেউ গিয়েছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে, কেউ গিয়েছেন পাড়ায় টিউব ওয়েলের সমস্যা সমাধানে। কিন্তু সেখানে গিয়ে আজব দৃশ্য! মাটিতে লুটোপুটি খাচ্ছেন পঞ্চায়েত প্রধান! অভিযোগ মদ পান করেই তিনি এসে পড়েছেন দফতরে।

বাঁকুড়া জেলার ছাতনার ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ এলাকার এক টিউবওয়েল মেরামতির জন্য যান বেসড়া গ্রামের মানুষজন। সেই সময় তাঁদের নজরে আসে, নিজের ঘরে পঞ্চায়েতের প্রধান নেশার ঘোরে লুটোপুটি খাচ্ছেন। ঘটনা জানাজানি হতেই গ্রামের মানুষ জমায়েত করে ওই পঞ্চায়েতের বাইরে। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয় পঞ্চায়েত প্রধানের কীর্তি।

গত ২০২৩-এর পঞ্চায়েত ভোটে এই ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখে তৃণমূল কংগ্রেস। প্রধান হন রামেশ্বর হেমব্রম। এরপর থেকে এলাকায় নানা অভিযোগ উঠেছে এই প্রধানের বিরুদ্ধে।

বৃহস্পতিবারের ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনকি শেষমেষ সন্ধ্যা নাগাদ পুলিশ গিয়ে ওই প্রধানকে অফিস থেকে বের করে বাড়ি ফেরানোর ব্যাবস্থা করেন।