আড়াই মাসেও অজানা কারণ, রাহুলের মৃত্যুর তদন্তে CID

25

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আড়াই মাস পরেও অধরা অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ। ঠিক কী ঘটেছিল? কেন এমন ঘটনা ঘটল? কার দায়? প্রযোজনা সংস্থার গাফিলতি কতটা? একাধিক প্রশ্ন। তাই, এবার তদন্তভার CID-র হাতে তুলে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।‌

২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যদিও, এখনও তদন্তের কোনও অগ্রগতি হয়নি। ‌অভিনেতার মৃত্যুতে এখনও অনেক প্রশ্ন। কারণ, গোড়া থেকেই ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতি। পুলিশের হাতে আসা ফুটেজের সঙ্গেও ইউনিটের সদস্যদের জবানবন্দিতে একাধিক অসঙ্গতি। মৃত্যুর পর ইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে গেলেও তা আবার থিতু হয়ে যায়। দিনকয়েক আগেই সেই মামলায় হস্তক্ষেপ করে দিল্লি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর দপ্তর। এবার তদন্তভার CID-র হাতে তুলে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পরই শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’ -এর লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে এফআইআর এবং ফৌজদারি মামলা রুজু করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। আর্টিস্ট ফোরামের বক্তব্য, নিরাপত্তা বিধি অমান্য করার ফলেই প্রাণ হারাতে হয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। ভবিষ্যতে যাতে শিল্পী-কলাকুশলীদের সঙ্গে এমনটা না ঘটে, তার জন্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপেরও আর্জি জানানো হয় তাদের তরফে। এবার CID-র তদন্তকারী আধিকারিকরা এই তদন্তের মোড় কোন দিকে নিয়ে যান সেটাই এখন দেখায়।