টানা ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বন্ধ থাকবে গ্রীন লাইনের মেট্রো

29

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আজ রবিবার প্রায় সারাদিন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বিগত কয়েক সপ্তাহ ধরে বিদ্যাসাগর সেতুতে কাজ চলছে। একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি এই সেতুর মেরামত, সেতুর স্টে কেবল ও হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদল করার জন্য রাত ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু।

কোন কোন রাস্তা দিয়ে খোলা থাকবে?

জিরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের গাড়ি টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ধরতে পারবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে খিদিরপুর রোডের দিকে যেতে পারবে

জওহরলাল নেহেরু আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের গাড়িকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেক গাড়ি সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ রুট ব্যবহার করতে পারবে।

খিদিরপুর দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলো সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ পৌঁছে যেতে পারবে।

ঘোড়া পাস ওয়াই-পয়েন্ট র‍্যাম্পের মাধ্যমে যে সব গাড়ি বিদ্যাসাগর সেতুতে উঠবে, সেই সব গাড়ি খিদিরপুর রোড থেকে ওয়াই-পয়েন্ট না গিয়ে সোজা যাবে। সেখান থেকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ পৌঁছে যেতে পারবে।

প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে অন্যান্য রাস্তা দিয়েও যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।

কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আজ গ্রিন লাইনে কমিশনার অফ রেলওয়ে সেফটি-র পরিদর্শন হবে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোমেটিক ট্রেন অপারেশন পরীক্ষার জন্য পরিদর্শন চলবে। এইজন্য সকাল ৯টার বদলে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হবে।