বিদেশি নিয়ে গুয়াহাটি হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টে

22

নিউজ ডেস্ক: বিদেশি নিয়ে গুয়াহাটি হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব নির্ধারণ বা কোনও নাগরিককে বিদেশি ঘোষণার প্রক্রিয়া হতে হবে অত্যন্ত স্বচ্ছ, মন্তব্য সুপ্রিম কোর্টের। অসমের বিদেশি ট্রাইব্যুনালে ঘোষিত ২৭ বিদেশি সংক্রান্ত মামলায় ট্রাইব্যুনাল ও গুয়াহাটি হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের মন্তব্য, নাগরিকত্ব এবং বিদেশি মর্য়াদা উচ্চতর সাংবিধানিক বিষয় এবং এর ব্যাপক আইনি তাৎপর্য রয়েছে।
বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চের নির্দেশ ঘোষিত ২৭ বিদেশির মামলার পরবর্তী শুনানি হবে সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইব্যুনালে। এবং সেখানে গুয়াহাটি হাইকোর্ট বা আগের ট্রাইব্যুনালের রায় যেন কোনও প্রভাব না ফেলে। এইসঙ্গে শীর্ষ আদালত বলেছে, কেউ বিদেশি হলে সংশ্লিষ্ট রাজ্যের আইনি ও বাধ্যতামূলক স্বার্থ রয়েছে তদন্ত করার যাতে কেউ মিথ্যে দাবি করে এদেশে থাকতে না পারে। তবে কাউকে বিদেশি ঘোষণা করার আগে তাকে নিজের পক্ষ ব্যাখ্যা করার উপযুক্ত সুযোগ দিতে হবে।
এক্স-পার্টে রায়ে ঘোষিত ২৭ বিদেশির মধ্যে সাবিত্রী দে, আজবাহার আলি, আকবর আলি, আবেদা খাতুন ও আনোয়ারা খাতুত সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। মামলাকারীদের আবেদনে বলা হয়েছে যে ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁদের ব্যাখ্যা না শুনে একপাক্ষিক রায় দিয়েছে এবং গুয়াহাটি হাইকোর্ট সেই রায় বহাল রেখেছে।
মামলাকারীরা ১৯৭১ সালের আগে ভোটার তালিকা, লিগ্যাসি তথ্য এবং জমির মালিকানার রেকর্ড পেশ করেছেন সুপ্রিম কোর্টে। সব ভোটার তালিকায় তাঁদের নামের বানান একরকম নয় বলে তাঁদের বিদেশি বলে সন্দেহ করা হচ্ছে, অভিযোগ মামলাকারীদের।
মামলাকারীরা সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে আইন অনুযায়ী যাবতীয় তথ্য দেওয়ার পরও জোর করে তাদের পুশব্যাক করা হয়েছিল। সরকারি রেকর্ডে নামের বানান ভুলের জন্য কোনও নাগরিক দায়ী থাকতে পারে না।
বিদেশি নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই বিদেশি ঘোষণার বিষয়টির ওপর প্রশ্ন তুলে দিয়েছে। নিজেকে ভারতীয় প্রমাণের উপযুক্ত সময় ও সুযোগ পাবেন এখন যে কোনও নাগরিক।