২০ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন

26

পৃথা দাশগুপ্ত,কলকাতা:২০ বছর পর বাংলায় পা রাখছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন।‌ ১ আগস্ট রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।‌ এমনকি কবিতা পাঠ করার কথাও রয়েছে তাঁর। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন তসলিমা নাসরিন নিজেই।

২০০৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তাঁকে কলকাতা ছাড়তে হয়েজিল।‌ একপ্রকার বলা ভাল, বিতাড়িত হতে হয়েছিল তাঁকে। প্রায় ২০ বছর পর সাহিত্য প্রেমীরা তাঁকে আবার পেতে চলেছেন কাছ থেকে। ‌

উদ্যোক্তা সেক্যুলার মিশন, এইচআরবিএফএফ। তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন কবি। দু’দশক পর আবারও প্রিয় শহর কলকাতায় তসলিমা নাসরিনের আগমনে স্বাভাবিকভাবেই উচ্ছসিত পাঠককুল।‌

সূত্রের খবর, অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। মূলত মুক্তি চিন্তার। মুখ্যমন্ত্রী থাকবেন। তসলিমা নাসরিন তাঁর নিজের কবিতা এবং কবিতার উপর তৈরি গান নিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন। ঘণ্টাখানেকের অনুষ্ঠান হওয়ার কথা। নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে অনুষ্ঠানকে ঘিরে।

এ এক ঐতিহাসিক ঘটনা। যার অপেক্ষায় বাংলার সাহিত্য মহল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যর রাজ্যসভায় প্রথম তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন নিয়ে সরব হয়েছিলেন। কেন্দ্রকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন শমীক ভট্টাচার্য।‌

২০০৭ সালে তসলিমা ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। সংখ্যালঘু এলাকাগুলিতে তীব্র অশান্তি এবং উত্তেজনা সৃষ্টি হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে সেনা নামাতে হয়। তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ‌ তিনি কিছু সাহিত্যিকদের সঙ্গে আলোচনা করে তসলিমা নাসরিনের বইটিত নিষেধাজ্ঞা জারি করেন। কলকাতা ছাড়তে বলা হয় তাঁকে। সেই থেকে কলকাতায় আর পা রাখেননি তসলিমা নাসরিন। এখন অপেক্ষা ১ আগস্টের।