পৃথা দাশগুপ্ত,কলকাতা:একের পর এক ভাঙন। কালীঘাট তৃণমূল এক্কেবারে কোনঠাসা। এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র, অনুব্রত মন্ডল। এবার রাজ্য সভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সাংসদ পদ গ্রহণ এবং সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সময়টা মাত্র সাড়ে চার মাস। এখানেই থেমে থাকেননি। পদত্যাগের পরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে “সৌজন্য সাক্ষাৎ” করেন তিনি। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা।
কোয়েল মল্লিক কী এবার বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন? সদস্য সংখ্যা কমতে কমতে এই মুহূর্তে রাজ্য সভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ৯। রাজনীতিতে কোয়েল মল্লিকের পথচলা খুব বেশিদিনের নয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে রাজ্যসভার টিকিট দেওয়া হয়। বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নামও রাজ্যসভার জন্য মনোনীত করা হয়। তবে সাংসদ হওয়ার মাত্র সাড়ে চার মাসের মধ্যেই তাঁর এই পদত্যাগ ।
সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কোয়েল মল্লিক নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দর যাদবের বাড়ি যান। বেশ কিছুক্ষণ বৈঠক হয়। এটি সৌজন্য সাক্ষাৎ এমনটাই দাবি, কোয়েল মল্লিকের। আনুষ্ঠানিকভাবে যদিও কেউ কিছু জানাননি।
একুশে জুলাইয়ের শহিদ দিবসের আগে একের পর এক ভাঙন, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা তৃণমূল নেত্রী কোয়েল মল্লিকের, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার আগামী দিনে রাজনীতির মঞ্চে কোয়েল মল্লিক নিজেকে কিভাবে ধরা দেন।