নিউজ ডেস্কঃ অপরাধী ও অপরাধের ধরণ পাল্টে গেছে অসমে। চুরি, ডাকাতি থেকে শুরু করে সাইবার জালিয়াতি, ড্রাগস পাচার ও সংগঠিত বিভিন্ন অপরাধ অসম পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রণকৌশল হাতে নিয়েছে অসম পুলিশ।
রাজ্যজুড়ে অপরাধ দমনের জন্য নতুন রণকৌশলের রূপরেখা তৈরি করতে অসম পুলিশের মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত হল ক্রাইম কনফারেন্স ২০২৬। অপরাধ দমন তথা তদন্ত প্রক্রিয়াকে আরও বেশি ফলপ্রসূ করা এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন ‘ক্রাইম কন্ট্রোল রোডম্যাপ’ তৈরি করল অসম পুলিশ।
বৈঠকত উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিটি জেলার SP, ASP, DCP, ADCP ও ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ আধিকারিকরা। ক্রমবর্ধমান অপরাধ নিয়ে পর্যালোচনা হয় একদিনের কনফারেন্সে অপরাধ নিয়ন্ত্রণে নতুন রণকৌশল নিয়ে প্রস্তুত অসম পুলিশ। বৈঠকে রাজ্যজুড়ে সংগঠিত অপরাধ নিয়ে বিশদভাবে পর্যালোচনা হয়েছে।

কোন জেলায় কীভাবে বাড়ছে অপরাধের সংখ্যা? কীভাবে এগোচ্ছে তদন্ত, অভিযুক্তের আটকের সংখ্যা কীভাবে বাড়ানো যায়? এইসব বিষয়ও উঠে আসে আলোচনায়। একইভাবে অসম পুলিশের আন্তঃজেলা সমন্বয়কে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্য নিয়েও আলোচনা করা হয়। স্পর্শকাতর মামলাগুলোর দ্রুত সমাধান তথা বিজ্ঞানসম্মত ভাবে সমাধানের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
রাজ্যজুড়ে ক্রাইম রিভিউ, ইনভেস্টিগেশন কোয়ালিটি অ্যানালিসিস, Detection & Conviction Rate বাড়ানোর লক্ষ্য নিয়েও আলোচনা হয়। এই মুহূর্তে অসম পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার অপরাধ। Digital Arrest, Online Investment Fraud, OTP Scam, Fake Trading App ইত্যাদিও হু-হু করে বাড়ছে।
Social Media Fraud-এর মতো নিত্যনতুন কৌশলের মাধ্যমে অপরাধীরা সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এজন্যই একদিনের এই ক্রাইম কনফারেন্সে সাইবার অপরাধ দমনে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ডিজিট্যাল ইনভেস্টিগেশন আরও শক্তিশালী করার লক্ষ্যে সাইবার ইন্টেলিজেন্স বৃদ্ধি, Financial Trail Tracking সহ অত্যাধুনিক প্ৰযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
সাইবার অপরাধের পাশাপাশি ড্রাগস পাচার, সংগঠিত অপরাধ, মহিলা ও শিশুর বিরুদ্ধে সংগঠিত অপরাধ এবং আর্থিক জালিয়াতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। লক্ষ্য একটাই Intelligence Base এবং Technology Driven Policing গড়ে তোলা, যাতে করে জনসুরক্ষা নিশ্চিত করা যায়। অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায় এবং বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে অপরাধীদের সঙ্গে টেক্কা দিতে পারে পুলিশ।
আর তাই রাজ্য জুড়ে অপরাধ দমনের নতুন রণকৌশল প্রস্তুত করেছে অসম পুলিশ। প্ৰশ্নটা হল, Crime Conference ২০২৬-এ নেওয়া সিদ্ধান্তগুলো আগামীদিনে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করতে কতটা সক্রিয় ভূমিকা নেয়? কাগজে-কলমে নেওয়া এই সিদ্ধান্তগুলো বাস্তবে কতটা ফলপ্রসূ হয়, লক্ষ্যণীয় হবে সেটাও।