অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি১৬ জেলায় বন্যাক্রান্ত ৩.৬২ লক্ষ মানুষ

31

নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে অসমের বন্যা পরিস্থিতি। ১৬ জেলায় সাড়ে তিন লক্ষের বেশি মানুষ বন্যাক্রান্ত। বন্যার জলে ভেসে মৃত্যু ৫ জনের, এখনও নিখোঁজ ২।
বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে যোরহাট, চরাইদেও, শোণিতপুর, ডিব্রুগড়, চিরাং, ওদালগুড়ি, বিশ্বনাথ, গোলাঘাট, কাছার, ধেমাজি, তিনসুকিয়া, নগাঁও, কার্বি আংলং, কামরূপ, কামরূপ মেট্রো এবং শিবসাগর জেলায়।
৪৫ রাজস্ব চক্রে ৭৯৪ গ্রাম জলের তলায়, বন্যার জল থইথই করছে ১৯ হাজার হেক্টর কৃষিজমিতে। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার পর্যন্ত বন্যার জেরে যোরহাটে মৃত্যু হয়েছে ৪ জনের, একজন মারা গেছে কার্বি আংলংয়ে। চরাইদেও ও কার্বি আংলংয়ে একজন করে ব্যক্তি নিখোঁজ।
অসমের বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে যোরহাটে ২ পুরুষ ও ২ বালিকা বন্যার তোড়ে ভেসে গেছে আর কার্বি আংলংয়ে আরেকজন ব্যক্তির মৃত্যু হয়েছে একইভাবে। এনিয়ে এবছর বন্যার জেরে অসমে মৃত্যু হয়েছে মোট ১০ জনের, জানিয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
নদীর জল বেড়ে যাওয়ার পাশাপাশি যোরহাট, কামরূপ ও কামরূপ মেট্রোর শহুরে এলাকায় বন্যার প্রভাব পড়েছে। ৩১ এলাকা এবং ওয়ার্ডে বন্যার জল ঢুকেছে, ক্ষতিগ্রস্ত ৭৭৭৪ মানুষ। এর মধ্যে ২৫টি এলাকা কামরূপ মেট্রোয়, ৫টি কামরূপ ও একটি যোরহাট জেলায়।