এবার জেলায় জেলায় শুরু হবে জন্ম – মৃত্যু শংসাপত্রের ভেরিফিকেশন, কড়া বার্তা মুখ্যসচিবের

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের। কয়েক দিন আগে জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি রুখতে নতুন নিয়ম জারি করা হয়েছিল রাজ্য সরকার‌ । এবার ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান শুরু করবে রাজ্য। মনোজ আগারওয়ালের দাবি, এসআইআরে প্রচুর বেনিয়ম নজরে পড়েছে কমিশনের ।

আজ মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটে তথ্য স্ক্যান করা হচ্ছে। শুধু ভেরিফিকেশন করার জন্য এটা করা হচ্ছে। কারও কোনও সমস্যা হবে না।

মুখ্যসচিবের দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, তৃণমূল জমানায় এসআইআর-এর সময় বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার।

তিনি বলেন, “বার্থ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরে অনেক অভিযোগ পেয়েছি। এসআইআর করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি ধরা পড়েছে। পুলিশের কাছেও অনেক অভিযোগ এসেছে। অনেক জায়গায় নকল বার্থ সার্টিফিকেট ধরা পড়েছে। অনেক সুযোগ সুবিধে নিয়েছে অনেকে। নিয়ম থাকলেও বহু অনিয়ম হয়েছে।”

মুখ্যসচিবের অভিযোগ, স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। কিছু মানুষের জন্য অনেক মানুষ অসুবিধে ভোগ করছেন। যত তথ্য রয়েছে সব নিয়ে স্ক্যান করে রেজিস্টারকে ফেরত দেওয়া হবে।

মনোজ আগারওয়াল বলেন, “কারও ভয় পাওয়ার কিছু নেই। এই বার্থ সার্টিফিকেট যাচাই শুধুমাত্র একটা নিয়ম। দুর্নীতি মুক্ত করতে এই পদক্ষেপ। সরকারি আধিকারিকরাই এটা যাচাই করবেন। কোনও চুক্তিভিত্তিক কর্মী যাচাই করবেন না।”