সাতসকালে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (Blue) লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা

27

পৃথা দাশগুপ্ত,কলকাতা:মেট্রো সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং- এ সমস্যা । দক্ষিণেশ্বরমুখী বেশ কয়েকটি মেট্রো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে মেট্রো না-আসায় স্টেশনে উপচে পড়া ভিড়।‌ সপ্তাহের শেষ দিন হলেও সাতসকালে অসুবিধার সম্মুখীন নিত্যযাত্রীরা।

মেট্রো যাত্রীদের অভিযোগ, ব্লু লাইনে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি এখন নিত্য নৈমিত্তিক সমস্যা। সাতসকালে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরতে এসে সমস্যায় পড়েন অনেকেই। দেরী করে ট্রেন আসায় ভিড় এতটাই বেড়ে যায়, অনেককে ট্রেন ছেড়ে দিতে বাধ্য হতে হয়। ‌

হুগলি ও শহরের উত্তর প্রাপ্ত থেকে আসা বহু মানুষ দ্রুত দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলিতে পৌঁছতে এই মেট্রো রুটের উপরেই নির্ভরশীল। ফলে সকালবেলাই কর্মস্থলে পৌঁছতে সমস্যার মুখে পড়েন বহু যাত্রী।

যাত্রীদের অভিযোগ , মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু ঘোষণাও করা হয়নি ।‌ মেট্রো সূত্রে খবর, কী কারণে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।