নিউজ ডেস্ক: জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, অসমের ভৌগোলিক এবং জলবিজ্ঞান সংক্রান্ত অবস্থানের কারণে পুরোপুরি বন্যা রোধ সম্ভব নয়।
নতুন দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ব্রিকস বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত টেকনিকাল তথা মন্ত্রীদের বৈঠকে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান কৃষ্ণ এস বৎস বলেন, অসমের বন্যা জাতীয় আশঙ্কার বিষয়। দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়ন না হলে অসমের বন্যা প্রতিরোধ সম্ভব নয়।
কৃষ্ণ বৎস বলেন, অসমের বন্যা এখন জাতীয় স্তরে নজর এসেছে। অসম সরকারের সঙ্গে আমরা এবিষয়ে আলোচনা করছি। বন্যা সমস্যা মেটাতে সরকারকে প্রযুক্তিগত উন্নয়ন করতে হবে। তাঁর মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রতি বছর ভারী বৃষ্টি হয়। অসমের দুর্বল নিকাশি ব্যবস্থা বন্যা পরিস্থিতির অন্যতম কারণ। বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজ বন্যা নিরসন নয়, বরং দুর্গতদের উদ্ধার, ঝুঁকি হ্রাস, প্রস্তুতি শক্তিশালী করা এবং বন্যাক্রান্তদের জীবন বাঁচানো, বলেন কৃষ্ণ বৎস।
এদিকে, বৃহস্পতিবার গুয়াহাটির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় বাসিন্দারা দুষছে সরকারকে। তাদের অভিযোগ, সরকার ঘোষণা করেছিল নিকাশি ব্যবস্থা আধুনিক করার জন্য ৬০০০ কোটি টাকার মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছে। কিন্তু তার প্রয়োগ কোথায়?
বৃহস্পতিবার ৭০-৯০ মিমি বৃষ্টিতেই গুয়াহাটির বেলতলা, হাতিগাঁও, মালিগাঁও, আহোমগাঁও, পাঞ্জাবাড়ির বিস্তীর্ণ এলাকায় কোমর সমান জল ছিল।
Next Post