পৃথা দাশগুপ্ত,কলকাতা:নিট কাণ্ডের প্রতিবাদ। এবার পথে কালীঘাটপন্থী তৃণমূলের ছাত্র সংগঠন । যদিও মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পরবর্তীতে মিছিল করার অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে তাও বাতিল করে আদালত। শুক্রবার কলকাতায় নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে হওয়া মিছিলে যে অশান্তির ঘটনা ঘটেছে, তার পর তৃণমূল ছাত্র পরিষদের মিছিলকে অনুমতি না দিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য৷
হাইকোর্ট থেকে অনুমতি না পাওয়ার পরও আজ সিআইটি রোডে পদ্মপুকুর এলাকায় মিছিলের জন্য জমায়েত করে তৃণমূল সমর্থকরা৷ পুলিশ জমায়েত সরিয়ে দিতে চেষ্টা করলে দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা৷ ঘটনাস্থলেে পৌঁছে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাইকোর্টের কথা শুনে আমরা মিছিল করছি না৷ মাত্র দু ঘণ্টার জন্য আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিও কেন পুলিশ করতে দেবে না?’
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে গেলে তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ৷ পরে ছেড়ে দেওয়া হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বার্তা দিতেই এই জমায়েত। আইনজীবীদের সঙ্গে তিনি কথাও বলেন। শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।