গ্রেফতার মাও শীর্ষ নেতা মিসির বেসরা

26

পৃথা দাশগুপ্ত,কলকাতা:গ্রেফতার মাওবাদী পলিটব্যুরো শীর্ষ নেতা মিসির বেসরা। ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিসিরের মাথার দাম ছিল ১ কোটি টাকা। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছে আরও দুই কমান্ডার।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত প্রায় দুই দশক ধরে পালিয়ে বেড়াচ্ছিল মিসির। সম্প্রতি পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, এই মাওবাদী নেতা ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে কয়েকজন সঙ্গীকে নিয়ে লুকিয়ে রয়েছে। এরপরই সিআরপিএফ, গিরিডি ও ধানবাদ থানার পুলিশ একযোগে তল্লাশি শুরু করে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ধানবাদ-গিরিডি সীমানার জঙ্গলে পালাতে গিয়ে ধরা পড়ে।

ঝাড়খণ্ড পুলিশের দাবি, মিসির বেসরার বাড়ি গিরিডি জেলার হালরাডিহিতে। মাওবাদী সংগঠনের শীর্ষ এই নেতা বর্তমানে একমাত্র জীবিত সদস্য। ৬৬ বছরের মিসিরের মাথার দাম ছিল ১ কোটি টাকা। মিসির বেসরা তাঁর আসল নাম হলেও দলে ভাস্কর ও সাগর নামেও পরিচিত।

পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালে ঝাড়খণ্ডে একবার গ্রেপ্তার করা হয়েছিল মিসিরকে। তবে ২০০৯ সালে বিহারের লখিসরাই জেলা আদালতে এক মামলায় হাজিরা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় আদালত চত্বরে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এই মাও নেতাকে।

চলতি বছরের ৩১ মার্চ ভারত মাওবাদী-মুক্ত হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদী দমনে দেশজুড়ে অভিযান শুরু হয়। চলতি বছরের ১৮ মে ছত্তীসগঢ়ের বাস্তারে একটি অনুষ্ঠানে শাহ বলেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, ভারত এখন মাওবাদী-মুক্ত।”