স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

41

নিউজ ডেস্ক: সরকারি পরীক্ষায় দুর্নীতি বিরোধী বিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদ চলো অভিযানে পড়ুয়াদের ওপর ছররা গুলি চালানোর প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস নেই লোকসভায় আমাদের মুখোমুখি হওয়ার। এরপরই তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পড়ুয়াদের গুলি করতে। আমাদের পড়ুয়াদের শরীরে ছররা গুলি চালিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার পক্ষের প্রবল বিরোধিতার পর রাহুল গান্ধী ব্যাখ্যা দেন, দেশের যে কোনও জায়গায় বাহিনী নামালে হয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর নির্দেশ দরকার। দিল্লিতে সংসদ অভিযানে ছররা গুলির প্রয়োগ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি ছাড়া চলতে পারে না। এজন্য সরাসরি দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাহুলের অভিযোগের পর সরকার পক্ষের প্রবল বিরোধিতায় লোকসভা মুলতুবি হয়ে যায়।
ভাষণের শুরুতে নাম না করে বিজেপি নেতৃত্বকে মূর্খ বলেন রাহুল গান্ধী। এক ছাত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রছাত্রীর অর্থ হল যে সত্য অনুসন্ধান করে। যে জানতে চায়। আর উল্টোদিকে রয়েছে আরেকদল যারা নিজেকে ভগবান ভাবে, সবকিছু জানে, কিন্তু প্রকৃতার্থে তারা হল মূর্খ। এ ছাড়া আরেকদল রয়েছে যারা অন্ধভক্ত। যারা মূর্খদের অনুসরণ করে। রাহুল গান্ধীর এই মন্তব্যের পর সরকার পক্ষ দাবি করে, রাহুল গান্ধী অসংসদীয় শব্দ বলেছেন, এটা লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে।