নেপালে জলপ্রলয়ে মৃত ১৬৫, নিখোঁজ ১৫০০

45

নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত অন্তত ১৬৫, নিখোঁজ ১৫০০। নিখোঁজদের মধ্যে ৩০০ ভারতীয় সহ রয়েছে ৮০০ অন্যান্য দেশের পর্যটক, জানিয়েছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। শুধু নেপাল নয়, তিব্বতের দিকে নিখোঁজ অন্তত ৫৫৮ জন। নেপালেও কমপক্ষে ৪৬৮ জনের সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছে না। ইউক্রেনের ৫৩ জন, মালয়েশিয়ার ১১ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, ব্রিটেনের ১২ জন এবং দক্ষিণ কোরিয়ার ৯ জনের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর।
বুধবার তিব্বতের হিমবাহ কাদামাটির তাল নিয়ে ভোটে কোশি নদীর অববাহিকার দিকে নেমে আসে। মুহূর্তের মধ্যে ভেসে যায় রাসুয়া জেলার বিভিন্ন অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালের তিব্বত সংলগ্ন জেলা রাসুয়া। ক্ষতিগ্রস্ত নুয়াকোট এবং ধারিং জেলাও। বিপর্যয় ও প্রাণহানির খবর এসেছে তিব্বতের স্থলবন্দর জিরং থেকেও।
নেপালের বিদেশমন্ত্রী খানাল বলেছেন, হাজার হাজার পরিবারের ঘরবাড়ি ভেসে গেছে, অনেকেই নিখোঁজ। বিপর্যয়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এখনও বলতে পারছি না।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত। এই সংখ্যা বাড়বে। আমরা তল্লাশি ও দুর্গতদের উদ্ধারের কাজ করছি। আশা করছি নিখোঁজ অনেককে পাওয়া যাবে। তবে কিছু মৃতদেহ উদ্ধার হবে এটাই আশঙ্কার।
চিনের সরকারি টিভি জানিয়েছে যে তিব্বতের জিরংয়ে ৫৫৮ জন নিখোঁজ, এদের মধ্যে ২৬০ বিদেশি পর্যটক।
জলপ্রলয়ে বিধ্বস্ত এলাকায় হেলকপ্টারে করে দুর্গতদের উদ্ধার করা হচ্ছে, পাশাপাশি দেওয়া হচ্ছে খাবার এবং অন্যান্য আবশ্যক সামগ্রী। তিব্বতের লাসা থেকে কাঠমান্ডু পর্যন্ত পর্যটকদের প্রিয় ট্রেকিং রুট হড়পা বানের জলে ভেসে গেছে।
৮টা ৩৭ মিনিটে নেপাল-তিব্বত সীমান্তে কোনও ভূমিকম্প হয়নি। ভূবিজ্ঞানীদের একাংশ প্রাথমিক পর্যবেক্ষণের পরে জানিয়েছিলেন, তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ হয়েছিল নদীর গতিপথ। জমে যাওয়া জলের চাপে হঠাৎই সেই ‘অবরোধ’ ভেঙে যায়। ফলে সৃষ্টি হয় হড়পা বান।
বুধবার তিব্বতে ভূতাত্ত্বিক কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হচ্ছিল, তা আদতে হিমবাহধস। হিমবাহ কাদামাটির তাল নিয়ে নদীর অববাহিকার দিকে নামতেই বিপর্যয় ঘটে নেপালে। ওই ঘটনাকেই ৪.৪ মাত্রার ভূকম্পন বলে মনে করা হয়েছিল, কিন্তু সেটি আদতে ছিল হিমবাহধস। নেপালে ভয়াবহ হড়পা বনে বিস্তর ক্ষয়ক্ষতির পরই সাহায্যের হাত বাড়িয়েছে গোটা বিশ্ব। বিপর্যয়ের পর নেপালে ভারতীয় দূতাবাস থেকে দুটি ফোন নম্বরও চালু করা হয়েছে – +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭ এবং +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০।
নেপাল পর্যটন পর্ষদ দুটি নম্বর চালু করেছে – ১২৩৪, ১১৪৪। এ ছাড়া রয়েছে ট্যুরিস্ট পুলিশের নম্বর ৯৮৫১২৮৯৪৪৫।
চিনের বেজিংয়ে ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বর চালু করেছে – ০০৮৬ ১৮৫ ১৪২৮ ৪৯০৫। এদিকে, নেপালে বিপর্যয়ের পরই আমেরিকা ৫ লক্ষ মার্কিন ডলার সাহায্য ঘোষণা করেছে।