নেপালে শুটিংয়ে গিয়ে দুর্যোগের কবলে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত

58

পৃথা দাশগুপ্ত,কলকাতা:নেপালে শুটিং করতে গিয়ে বিপাকে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। একা খরাজ মুখোপাধ্যায় নয়, একই ছবির শুটিং করতে গিয়ে নেপালেই আটকে রয়েছেন অভিনেতা রজতাভ দত্তও। নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। রাস্তা, সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। ফলে নির্ধারিত সময়ে কলকাতায় ফিরতে পারছেন না তাঁরা।

খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু জানিয়েছেন, তাঁরা দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। দু’জনেই সুস্থ রয়েছেন ।‌

বিহু জানান, “পোখরায় শুটিং চলছিল। তবে বৃষ্টির জন্য মাঝে মাঝেই বাধাপ্রাপ্ত হয়। বর্তমানে বাবা-মা দু’জনেই পোখরায় রয়েছেন। অন্যান্য় কলাকুশলীরাও সেখানেই রয়েছেন। সকলেই ঠিক আছেন। দুর্ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে রয়েছেন।”

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিপর্যয়ের উৎসস্থল চিনের তিব্বতে। সেখান থেকে বন্যার জল প্রবেশ করে নেপালের রসুয়া জেলায়। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিমি দূরে অবস্থিত এই জেলার উপর দিয়েই বয়ে গিয়েছে ভোটেকোশী নদী।

সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায় এবং অন্যান্য কলাকুশলীরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর দিয়ে ফিরছেন। তবে আবহাওয়ার জেরে বিমান পরিষেবাও কিছুটা ব্যাহত। তাই টিম কলকাতায় না ফেরা অবধি নিশ্চিন্ত হ‌ওয়া যাচ্ছে না।

বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরই চিন সীমান্তবর্তী ওই জেলায় হড়পা বান নামে। আকস্মিক বন্যার জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে রসুয়া জেলায়।

হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের গাইরং প্রদেশ-সহ বহু এলাকা। সেখানেও হতাহতের সংখ্যা বহু। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, রসুয়ায় ভারী বৃষ্টির জেরে এই বিপর্যয় ঘটেছে, এমন সম্ভাবনা কম। ফলে তিব্বত থেকে জল নেমে আসার বিষয়টিই প্রকট।

পাশাপাশি, হিমবাহের জলাধার ভাঙার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর ,বন্যাদুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক।

বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন আধিকারিক এখনও নিখোঁজ।

খোঁজ মিলছে না নেপালি আধাসেনার ৭ জওয়ানেরও।

প্রতিবেশী দেশে দুর্যোগের মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোন করে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।