আর জি করের তদন্তে সিবিআইকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের

118

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আর জি কর কান্ডে সিবিআইকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের।‌ তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলায় আদালত ক্ষোভ প্রকাশ করেছিল সি বি আই এর তদন্ত নিয়ে। এবার সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার শুনানি চলছে। এর আগে দু’বার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। ২৫ জুনের শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দুই বিচারপতির বেঞ্চ।

আজ কলকাতা হাইকোর্টে রুদ্ধদ্বার শুনানি হয়েছে। তিলোত্তমার মা তথা পানিহাটির বিধায়ককেও শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তিনি এজলাসের বাইরে ছিলেন ।

তদন্ত শেষে সিবিআইয়ের পক্ষ থেকে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল আজ। তা খারিজ করে আদালত তদন্ত শেষ করার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে সিবিআইকে।

আগেই ৬ আগস্ট বিচারপতিরা স্পষ্ট করে দেন, পুরানো কোনও তদন্তকারী আধিকারিক নবগঠিত সিটে থাকবেন না। প্রশ্ন উঠছিল, তদন্ত কবে শেষ হবে?

শুনানির একমাসের মাথায় আবারও আদালতে একই প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি এবং অসঙ্গতি ছিল। আমরা তো নির্দেশ দিয়েছি, সেগুলো খুঁজে বের করুন। এত সময় কেন লাগছে?”

বিচারপতি শম্পা সরকার বলেন, “ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত কী হয়েছে পুনরায় জানান। নতুন করে তদন্ত করুন। এভাবে কতদিন আমরা মামলা বিচারাধীন রাখব?”

বিচারপতি সরকারের প্রশ্ন, “মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে?”

আরজি করের নির্যাতিতার পরিবারের তরফে এই মামলায় ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়। সিবিআই আদালতে জানিয়েছে, তারা ১৬টি বিষয় খতিয়ে দেখেছে।

আগামী ২৪ সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি হবে।