নেপালে এখনও নিখোঁজ ৩২০ ভারতীয়

65

নিউজ ডেস্ক: নেপালে হড়পা বানের পর প্রায় তিনদিন কেটে গেলেও ৩২০ ভারতীয়র খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিকে, কাঠমান্ডু থেকে শুক্রবার ২১ ভারতীয় দিল্লিতে পৌঁছেছেন। সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন, উদ্ধার কাজে নেপালের প্রশাসন সাহায্য করেছে। সবাই তাদের প্রতি কৃতজ্ঞ। এরপর তিনি বলেছেন, নেপাল সরকারের সঙ্গে কথা বলেছি। উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছি, তারা বিষয়টি বিবেচনা করে জানাবে বলেছে।
নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চিনের তিব্বতে ৪০০ ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। প্রত্যেকেই নিরাপদে আছেন।
রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সড়কপথে চিন সীমান্ত পার করে ৯৬ ভারতীয় নিরাপদে নেপালে প্রবেশ করেছে। তাঁরা গিয়েছিলেন মানস সরোবরে। বিপর্যয়ের পর নেপালকে ঢেলে সাহায্য করছে ভারত। শুক্রবার পাঠানো হবে তৃতীয় দফার সাহায্য। ১২ থেকে ১৩ টন ত্রাণসামগ্রী সহ একটি মেডিক্যাল দলও থাকবে কপ্টারে। বেলি সেতু মেরামতির জন্য প্রযুক্তিবিদদের একটি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ভারত।
নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত মোট ১২১ বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৮৫ জন ভারতের নাগরিক। শুক্রবার পর্যন্ত নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে।