এন্টালি থানায় তালা দেওয়ার অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

46

পৃথা দাশগুপ্ত,কলকাতা:খুঁটিপুজো ঘিরে এলাকায় গন্ডগোল হয়েছিল । বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ। অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। এন্টালি থানায় তালা লাগিয়ে রাতভর বিক্ষোভ দেখিয়েছিলেন সুদীপ রামের গোষ্ঠী, বলে অভিযোগ।

দু’সপ্তাহ পর অবশেষে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপি। বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িক বরখাস্ত করল বিজেপি। ইতিমধ্যেই তাঁকে শোকজ করা হয়েছে।‌ কেন তিনি স্বাধীনতা দিবসের রাতে সেই কাজ করেছিলেন? আগামী সাতদিনের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে হবে। সন্তোষজনক উত্তর না দিতে পারলে সমস্যা হবে। ‌

দলের বদনাম হয় এমন কোনও কাজ কেউ করলে, সে যত বড়ই নেতা হোক তাঁকে রেয়াত করা হবে না বলে জানিয়েছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, আইনশৃঙ্খলার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। পুলিশের উপরে চড়াও হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

দল বিরোধী কাজের অভিযোগে ৭দিনের মধ্যে অভিযুক্ত নেতার জবাব তলব করেছে দল। সুদীপ রামের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। সুদীপ রামের বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ করা-সহ একাধিক দল বিরোধী কাজের অভিযোগ উঠেছিল।

১২ আগস্ট এন্টালির পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো হয়। সেখান থেকেই বিতর্ক দেখা দেয়। আর ১৪ আগস্ট রাতে পার্কে ঢুকে খুঁটি উপড়ে ফেলে দেওয়া হয়।

এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের একটি গোষ্ঠী আছে। আবার দুই ভাই দিলীপ রাম এবং সুদীপ রামের গোষ্ঠীও আছে। পদ্মপুকুরের ৫৪ নম্বর ওয়ার্ডে দিলীপ এবং সুদীপের গোষ্ঠী দুর্গাপুজো করার পরিকল্পনা করেছিল। খুঁটিপুজোও হয়েছিল। কিন্তু তাতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

এই বিবাদের জেরে স্বাধীনতা দিবসের দিন অশান্তি ছড়ায়। দিলীপ-সুদীপের শিবিরের অনুষ্ঠানে কয়েকজন চড়াও হয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এন্টালি থানা ঘেরাও করে আক্রান্ত গোষ্ঠীর লোকেরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তখনই থানার গেটে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।