TMCP-র সভায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR
পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অমান্য করে ক্যাথিড্রাল রোডে তীব্র যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ। এই ঘটনায় সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল হেস্টিংস থানার পুলিশ।
কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির জেরে ভিড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার পরেই পুলিশ এই কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
ঘটনার সূত্রপাত গত ২৮ অগস্ট। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। সভার সময় রাস্তার অন্তত একদিকে গাড়ি চলাচলের পথ সম্পূর্ণ খোলা রাখতে হবে। কিন্তু বাস্তবে সেই নিয়ম মানা হয়নি। বাস্তবে দেখা গেছে ক্যাথিড্রাল রোডের দুই লেনেই হাজার হাজার সমর্থক ও কর্মীদের ভিড় উপচে পড়ে। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত কর্মীদের উদ্দেশে কিছু বলেন, যার ফলে ভিড় আরও বেড়েছিল । অভিযোগ, মঞ্চ থেকে উসকানি পেয়েই ব্যারিকেড ভেঙে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা রাস্তা বন্ধ করে ছড়িয়ে পড়েন। ক্যাথিড্রাল রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। হেস্টিংস থানার এক সাব-ইন্সপেক্টরের করা স্বতঃপ্রণোদিত সেই এফআইআরে এই বিশৃঙ্খল পরিস্থিতির কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবারই মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, আদালতের নিয়ম ভেঙে সাধারণ মানুষের রাস্তা বন্ধ করে যারা এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।