নিউজ ডেস্ক: নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বা হড়পা বানের তাণ্ডবে পরিস্থিতি দিন দিন আরও আশঙ্কাজনক হয়ে উঠছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী,নেপালে বন্যার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪। উদ্ধারকারী দলগুলো এখনো কাদা, পাথর ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে, প্রায় ৩,০০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত ৪,৪৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া দুর্গতদের কাছে আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে শুরু করেছে। জাতিসংঘের শিশু তহবিল (UNICEF) সতর্কবার্তা জারি করে জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে অন্তত ১৭,০০০ শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। এই বিধ্বংসী বন্যায় ১৮টি বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ২০টি বিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (ICRC)-এর হিসাব অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ৯৩,০০০ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন দেশের পাঠানো আন্তর্জাতিক ত্রাণ ও সাহায্য এই শিবিরগুলোতে পৌঁছাতে শুরু করেছে। তবে দুর্গম পাহাড়ি রাস্তাগুলো ধসে বন্ধ হয়ে থাকায় প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষের কাছে খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং জরুরি ওষুধ পৌঁছানো এখনো এক মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।