নিউজ ডেস্ক: ‘মন কী বাত’-এর ১৩৭তম পর্বে প্রধানমন্ত্রী নেশা মুক্ত ভারতের প্রসঙ্গ তুললেন। ঠিক তখনই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২০২১ সালে শুরু হওয়া ‘অসম এগেইনস্ট ড্রাগস’ অভিযানের সাফল্যের তালিকা তুলে ধরলেন। অসমের মুখ্যমন্ত্রী জানান, ২০২১ সালে ৪,১৭৫ জন গ্রেফতার হয়েছিল, ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ৪,৯০১ জনে দাঁড়িয়েছে। কয়েক সপ্তাহ আগে নলবাড়িতে ৪৭২ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। মায়ানমার থেকে মিজোরাম ও মণিপুর হয়ে অসমকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করে যে মাদক চক্র চলছে, তা রুখতে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে মাদক চক্রের Mastermind প্রায়শই সীমানার বাইরে থেকে কাজ করে, তাই এটি কেবল অসমের একার লড়াই নয়, সবাইকে একত্রে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী মোদীর ‘নেশা মুক্ত ভারত’ এবং ‘নেশা মুক্ত যুব’ গড়ে তোলার প্রেক্ষিতেই অসম এই অভিযান চালিয়ে যাচ্ছে। যুব সমাজকে বাঁচাতে মাদকাসক্তি থেকে রক্ষা করতে মাদক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া তথ্যানুযায়ী, ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৩,২৫৩ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং ২৬,৫০০ জনেরও বেশি অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।