এনআরসির দাবিতে উত্তাল মণিপুর

35

নিউজ ডেস্ক: ‘নো এনআরসি নো সেনসাস’ দাবিতে উত্তাল মণিপুর। রবিবার রাতে কাকচিং জেলায় ওয়াবাগাই-হিয়াংলাম লামখাই খেইথেল এলাকা থেকে বিশাল মিছিল যেতে থাকে জেলাশাসকের দফতরে। মিছিলে অংশগ্রহণকারীদের থামাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। মিছিল ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।


গোটা দেশ জুড়ে বর্তমানে জনগণনা চলছে। কিন্তু মণিপুরের একাংশ বাসিন্দার দাবি আগে এনআরসি করতে হবে তারপর জনগণনা। এইসঙ্গে তাদের দাবি যে বিভিন্ন আশ্রয় শিবিরে যেসব ঘরহারা রয়েছে তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তারপর জনগণনা হোক।


কাকচিংয়ের কেইরাক বাঁধের কাছে মিছিলের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চার মহিলা সহ সাত বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। যদিও সোমবার সকালে সবাইকে ছেড়ে দেওয়া হয়।


গত কয়েকদিন ধরেই এনআরসির দাবিতে মণিপুরের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে জাস্ট অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশন সংগঠন। জনগণনার আগে এনআরসির দাবিতে মণিপুরে ধর্মঘটের আহ্বান করেছে এই সংগঠন। ধর্মঘটের জেরে সোমবার ইম্ফল উপত্যকার বিস্তীর্ণ অংশে দোকানপাট, যানবাহন বন্ধ।


ধর্মঘট প্রসঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচান্দ সিং বলেছেন, ধর্মঘট কোনও উদ্দেশ্য সফল করতে পারে না।


খেমচান্দ বলেন, মণিপুরের ১৪টি সামাজিক সংগঠন এবং কয়েকজন বিধায়কের সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আলোচনা হয়েছে। এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে কেন্দ্র। তিনি বলেন, মণিপুর সরকার এনআরসি দাবি সমর্থন করে। মণিপুরের পুলিশমন্ত্রী গোবিন্দদাস কনথৌজাম বলেছেন, এনআরসি প্রক্রিয়ার জন্য প্রস্তুত মণিপুর।