বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ২৬০০০ শিক্ষকের চাকরি এখনই যাচ্ছে না

7

পৃথা দাশগুপ্ত, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের আর্জি মানল সুপ্রিম কোর্ট। এসএসসি-র দাবি ছিল, ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা আরও বাড়ানো হোক। তাদের আর্জি মেনেই ৩১ অগস্ট পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তাতেও হয়নি। আজকের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ, নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭-এর ৩১ মে পর্যন্ত করা হল।

২০২৭ এর ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের তরফে ৮ মাসের জন্য সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। ৮ মাসের সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, দাবি এসএসসি-র। ইতিমধ্যেই কয়েকজনকে সুপারিশপত্রও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আদালতে। শুধু তাই নয়, এরপর আর সময়সীমা বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

এসএসসি-র তরফে সাংবাদিক বৈঠক করে বেশ কিছুদিন আগেই জানানো হয়, ২৬ হাজার শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব হবে না, ৩১ অগস্টের মধ্যে। এসএসসি-র চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানান, শীর্ষ আদালতে সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন। যাঁরা সুপারিশপত্র পেয়েছেন তাঁদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এসএসসি।

গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নতুন ওবিসি তালিকার বিষয় নিয়েও কোনও মন্তব্য করেনি শীর্ষ আদালত। শিক্ষকদের আইনজীবীরা আবেদন জানান, যেহেতু ৩১ মে গ্রীষ্মকালীন ছুটি চলে, তাই জুলাই মাস পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। সেই আবেদনের গুরুত্ব দেয়নি শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবার বেঞ্চ জানিয়ে দেয়, এরপর আর সময়সীমা বাড়ানো হবে না।