ফের দিল্লিতে চলন্ত বাসে নাবালিকাকে ‘গণধর্ষণ’, ধৃত চালক-কন্ডাক্টর

24

নিউজ ডেস্ক: মায়ের উপর রাগ করে ঘর ছেড়ে এক দাদার বাড়িতে যাচ্ছিল কিশোরী। কে জানত সেই যাত্রাই কাল হবে! নয়ডার সেক্টর ৬৩-তে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথেই চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ৪ অগাস্ট ঘটনাটি ঘটেছে।
একাদশ শ্রেণির ওই ছাত্রীকে পড়াশোনা নিয়ে বকাবকি করেন তার মা। এরপর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে নাবালিকা। পুলিশকে সে জানিয়েছে, তুমুল বৃষ্টির কারণে সে নির্দিষ্ট জায়গাটি চিনতে ভুল করেছিল। ভুল করে গ্রেটার নয়ডার পরি চক এলাকায় নেমে পড়ে সে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিশোরী হাত দেখিয়ে বহু গাড়ি থামানোর চেষ্টা করে। দিল্লিগামী একটি বাসকে সে নয়ডায় যাবে বলাতে বাসের চালক ও কন্ডাক্টার জানায় তারাও সেখানেই যাচ্ছে। তারা ওই কিশোরীকে বাসে তুলে নেয়। বাসে অন্য কোনও যাত্রী ছিলেন না বলে পুলিশকে জানিয়েছে কিশোরী।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, নির্যাতিতা কিশোরী তার জবানবন্দিতে জানিয়েছে বাসের কন্ডাক্টর এবং চালক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গভীর রাতে কিশোরীকে দিল্লির ISBT-তে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। বাস থেকে নামিয়ে দেওয়ার পরই ওই কিশোরী বাসস্ট্যান্ডের পুলিশ কিয়স্কে বিষয়টি জানায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেই রাতেই অভিযানে নামে। তিমারপুর পার্কিং এলাকা থেকে অভিযুক্ত বাসটিকে খুঁজে বের করে। সেখান থেকেই বাসের চালক কুলদীপ এবং কন্ডাক্টর সন্দীপকেও গ্রেফতার করা হয়।