নিউজ ডেস্ক: কন্যা সন্তানের জন্মে এক অনন্য নজির তৈরি করল মহারাষ্ট্রের এক পরিবার। ইংরেজ আমলে শেষবার সেই পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছিল। তারপর প্রায় ২০০ বছর পার করেছে। খরা যেনো কাটছিল না। সবই ছিল ঘরে। কিন্তু কন্যা সন্তানের যে আকুতি ছিল তা যেন কিছুতেই মিটছিল না। প্রায় চার প্রজন্ম ধরে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি! দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘর আলো করে লক্ষ্মী এলো। এত বছর পর কন্যা সন্তানের জন্মে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। অবশ্য শুধু পরিবারের সদস্যরাই নন, আত্মীয়-প্রতিবেশীরাও এই আনন্দে সামিল হয়েছেন। তাই রাজকীয় আয়োজন করে সদ্যোজাতকে বাড়িতে স্বাগত জানাতে কোনও খামতি ছিল না। হাসপাতাল থেকে মা ও মেয়ে ছাড়া পাওয়ার পর ঢাক-ঢোল ও নাচের সঙ্গে রথে চড়িয়ে তাঁদের জন্য এক grand welcome-এর আয়োজন করা হয়।
২০০ বছর পর ঘরে আসা নবজাতকের নাম রাখা হয়েছে গার্গী। গার্গীর দাদু লিম্বাজি দহিফলে নাতনিকে বাড়িতে নিয়ে আসার সময় জানান, পরিবারে মেয়ে সন্তানের আসাতে তাঁরা অত্যন্ত খুশি, এত বছরের যে আক্ষেপ ছিল তা গার্গীর আসাতে যেন একনিমিষে বদলে গেছে। ঠাকুমা সুরেখা দহিফলেও নাতনির জন্মে উচ্ছ্বসিত। খুশি গার্গীর বাবাও। মহারাষ্ট্রের এই পরিবার বর্তমানে সকলের নজর কেড়েছে। নেটিজেনরা সেই ছবি দেখে আপ্লুত।
Prev Post