নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বল্লিয়া জেলায় ঘটল অবাক করা ঘটনা। ৬৫ বছরের বিশ্বনাথ পালকে মৃত ভেবে শোকের পরিবেশ তৈরি হয়েছিল তাঁর পরিবারে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, তিনি জীবিত! শিবপুর দিয়ারি নাম্বেরি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ পাল হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাঁর হাত-পায়ে কোনও নড়াচড়া ছিল না। পরিবারের সদস্যদের দাবি, শ্বাস-প্রশ্বাসও বোঝা যাচ্ছিল না। তাঁকে মৃত মনে করে পরিবারের লোকজন তুলসী ও গঙ্গাজল দেন। খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে জড়ো হন বহু গ্রামবাসী। এরপর স্থানীয়দের পরামর্শে বিশ্বনাথকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক পরীক্ষা করে জানান, তিনি এখনও জীবিত। এই খবর শুনেই কান্নার পরিবেশ বদলে যায় আনন্দে। দীর্ঘক্ষণ পর বাবাকে শ্বাস নিতে দেখে স্বস্তি ফেরে ছেলে দয়াশঙ্কর পালের। দয়াশঙ্কর জানান, বাবার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে ফিরে তিনি দেখেন, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পরিস্থিতি দেখে তিনিও বাবাকে মৃত বলে ধরে নিয়েছিলেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের কাছ থেকে বাবার বেঁচে থাকার খবর পান।
বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বনাথ পাল।