শ্রীভূমিতে অসম-মিজোরাম সীমান্তে উত্তেজনা

70

নিউজ ডেস্ক: সীমান্তের জমির দখল নিয়ে উত্তপ্ত হয়ে উঠল অসমের শ্রীভূমি জেলা। অসমের অন্তত দুই কিলোমিটার ভেতরে ঢুকে একদল মিজো দাবি করে যে এই ভূমি তাদের। শ্রীভূমির রামকৃষ্ণ নগরের পশ্চিম কালাগাঙ এলাকায় মিজোরা ঢুকে একটি বাড়ি নির্মাণকে বাধা দেয়।
মিজোদের আগ্রাসনের প্রতিবাদ করে স্থানীয়রা। এর পরই ঘটনাস্থলে আসেন যাত্রাবাড়ি থানার ওসি চিত্তরঞ্জন বরা এবং রামকৃষ্ণনগরের সার্কল অফিসার অন্তরা পাল। অসমের প্রশাসনিক ও পুলিশ আধিকারিক এবং মিজোরামের মামিত জেলার কানমুন থানার ওসির সঙ্গে বৈঠকের পর উত্তেজনা কমে আসে।
দুপক্ষের আলোচনায় স্থির হয় যে বিতর্কিত এলাকার নিষ্পত্তি যতদিন না হচ্ছে সেখানে কোনও নতুন দোকান বা অন্যান্য নির্মাণের কাজ চলবে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিম কালাগাঙের বাসিন্দারা। তাঁদের কথায়, সীমানা চিহ্ন, ভূমি সমীক্ষা এবং দখল নিয়ে মাঝে মধ্যেই মিজোরা গন্ডগোল করে।
চেরাগি রেঞ্জের অধীনে সিংলা বনবিভাগের অন্তর্গত বেশ কিছু ভূমি এই গোলমালের মূল কেন্দ্রে। অসম-মিজোরাম সীমানায় এই এলাকা অত্যন্ত স্পর্শকাতর। ২০২০ সালে সোরু ভিড়বান্দ এলাকায় অসম ও মিজোরামের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়েছিল, কিন্তু কোনও সিদ্ধান্ত পৌঁছনো যায়নি। দুই রাজ্যের বিতর্ক রয়েছে পশ্চিম কালাগাঙ প্রাথমিক স্কুলের জমি নিয়েও।
২০২১ সালের ২৬ জুলাই সীমানা বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল কাছার জেলার লাইলাপুর এলাকা। দুই রাজ্যের বাসিন্দাদের সংঘর্ষ অসমের ছয় পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল সেসময়।
কিছুদিন আগে অসমের ধেমাজিতে অরুণাচলি পুলিশের আক্রমণে আহত হয়েছিল ৯ জন। যার মূলে ছিল সীমানা বিবাদ।