নিউজ ডেস্ক: কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর স্মতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ ছাপবে হার্পার কলিন্স প্রকাশন। আগে ঠিক ছিল নামী প্রকাশন সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া ছাপাবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা। কিন্তু বিদেশে সোনিয়া গান্ধীর বইটি পেঙ্গুইন ছাপলেও ভারতে ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love) আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশ হবে। এতে যুদ্ধ-পরবর্তী ইতালিতে কাটানো শৈশব থেকে শুরু করে ভারতে জীবনযাপন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে বিবাহ এবং ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে দীর্ঘ কয়েক দশকের যাত্রাপথের কথা লিখেছন সোনিয়া।
কংগ্রেস নেত্রীর এই বইটিকে ‘আমাদের সময়ের অন্যতম প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা’ হিসেবে অভিহিত করে হার্পার কলিন্স জানিয়েছে যে, বইটি ভারতের যাত্রাপথ সম্পর্কে ‘এক বিরল ও অন্তরঙ্গ দৃষ্টিভঙ্গি’ তুলে ধরে।
ভারতে বইটি প্রকাশ ও বাজারে ছাড়তে পেঙ্গুইন ইন্ডিয়া অস্বীকৃতি জানানোর কয়েক দিনের মধ্যেই এই নতুন খবরটি সামনে এল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পেঙ্গুইন পাণ্ডুলিপির কিছু অংশে সম্পাদনা বা পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট কিছু বিষয় বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যাতে সোনিয়া গান্ধী সম্মত হননি।
বইটির ভারতীয় সংস্করণ নিয়ে বিতর্কের সূত্রপাত হয় যখন ‘পেঙ্গুইন র্যাান্ডম হাউস’-এর অঙ্গপ্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ ঘোষণা করে যে, বইটি ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশিত হবে। এরপর ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ বিবৃতি দিয়ে জানায় যে, ভারতে এই বইটির প্রকাশক তারা নয়।
এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও দানা বেঁধেছে। কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এবং ভারত-চিন সম্পর্ক সংক্রান্ত কিছু অংশ বাদ দেওয়ার জন্য ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ উদ্যোগ নিয়েছিল।
তবে ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ দাবি করেছে যে, স্মৃতিকথাটি প্রকাশ না করার সিদ্ধান্তের পেছনে কোনো বাহ্যিক চাপ ছিল না, যদিও তারা স্বীকার করেছে যে আলোচনার সময় একটি নির্দিষ্ট বিষয় নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল।