মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার লড়াই, ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

37

নিউজ ডেস্ক: নেপালের আকস্মিক বানের ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিনের কঠিন লড়াইয়ের পর অবশেষে সেনাবাহিনী তাঁদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার উদ্ধারকারীরা তাঁদের দুইজনকে নিরাপদে বের করে আনেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । উদ্ধার হওয়া দুই কর্মী হলেন মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজন। নেপালি সেনার মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় জানান-সুড়ঙ্গের গভীরে আরো শ্রমিক আটকে থাকতে পারেন, বলে তাঁর আশঙ্কা। কী ভাবে ন’দিন সুড়ঙ্গের ভিতর কাটালেন? প্রশ্নের উত্তরে সঞ্জয় জানান-তিনি ঈশ্বরের জপ করছিলেন। বেঁচে বেরোতে পারবেন, ভাবেননি। অবশেষে টানা ৯ দিনের লড়াইয়ের পর সুড়ঙ্গ থেকে সঞ্জয় এবং কবিরকে উদ্ধার করা হয় ।