অসমে আটক ৩০০, গ্রেফতার ৩৩

4

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অসমের ২৯টি জেলায় সন্দেহভাজন প্রতারক ও দালালদের বিরুদ্ধে পুলিশের অভিযানে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে।
কামরূপ জেলার বোকো-ছয়গাঁও এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বোকো-ছয়গাঁওয়ের পুলিশ সুপার জানকিশোর গগৈ বলেছেন, নগরবেড়া এলাকা থেকে ১৩ জন, গরইমারি এলাকা থেকে ১০ জন, সোনাতলি থেকে ৪ জন, ছয়গাঁও থেকে একজন, মন্দিরা থেকে ৪ জন এবং চামারিয়া থেকে একজনকে আটক করা হয়েছে।
ভুয়ো ফোন কল, বার্তা এবং বিভিন্ন ধরনের আর্থিক জালিয়াতির মাধ্যমে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। রাজ্যের বিভিন্ন থানায় প্রতারণা সংক্রান্ত মামলার সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই এই অভিযান।
পুলিশের বিভিন্ন দল একই সময়ে একাধিক স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে।
লখিমপুরে ১৫ জনকে এবং নগরবেরায় ১৩ জনকে আটক করা হয়েছে। বঙাইগাঁও ও গরইমারিতে আটক করা হয়েছে যথাক্রমে ১০ জন করে। মরিগাঁও ও ধুবড়িতে সাতজন করে এবং গোয়ালপাড়ায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বজালি, তামহারহাট ও সোনাতলিতে চারজন এবং ছায়গাঁওয়ে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া শিবসাগর ও গোলাঘাটে দুজন করে আটক করা হয়েছে।
গুয়াহাটির গড়চুক এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা ও অন্যান্য জালিয়াতির অভিযোগে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।