নিউজ ডেস্ক: অসমের সামাগুড়ি কেন্দ্রের দুই কংগ্রেস নেতা দল ছাড়তেই বিজেপি বিধায়ক প্রদ্যুৎ বরদলৈয়ের বিরুদ্ধে তোপ ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনের।
রূপহীহাটে রকিবুল হোসেন অভিযোগ করেন যে, নিজের পদ হারানোর ভয়ে প্রদ্যুৎ বরদলৈই দলে নতুন লোক ভেড়াচ্ছেন এবং বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর সঙ্গেও যোগাযোগ করছেন।
এ ছাড়া, তথাকথিত মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে অসম সরকারের সাম্প্রতিক অভিযানের সমালোচনা করে রকিবুল এই অভিযান পরিচালনার পদ্ধতির ওপরও প্রশ্ন তোলেন।
ধুবড়ির কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের দাবি, দুজন বিধায়কের কল রেকর্ড বা কথোপকথন তদন্ত করলেই কারা জড়িত আছে সেটা প্রমাণ করা সম্ভব। তাঁর অভিযোগ, এই অভিযানের নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।
রকিবুল বলেন, সদ্য বিজেপিতে যোগ দেওয়া নগাঁওয়ের প্রাক্তন জেলাশাসক দেবাশিস শর্মা সামাগুরিতে তথাকথিত দালালদের বাড়িতে ঘনঘন যাতায়াত শুরু করেছেন। দেবাশিস শর্মার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি রকিবুল হোসেনের।
দেবাশিস শর্মার বিরুদ্ধে রকিবুলের অভিযোগ যে, নগাঁও জেলার ডেপুটি কমিশনার থাকাকালীন তিনি এক মুসলিম মহিলাকে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করেছিলেন। ওই মহিলাকে বাংলাদেশি হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট ওই মহিলাকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে।
নগাঁও লোকসভার উপনির্বাচন ৬ অক্টোবর। রাজনৈতিক মহলে জোর জল্পনা যে বিজেপি প্রার্থী হতে পারেন সদ্য অবসৃত নগাঁওয়ের জেলাশাসক দেবাশিস শর্মা।