পণ না দেওয়ায় বধূকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

20

নিউজ ডেস্ক: বিয়ের যৌতুক দিতে না পারায় বধূকে ছাদ থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক পরিবারের বিরুদ্ধে। যৌতুকে গাড়ি এবং নগদ টাকা চেয়েছিলেন শ্বশুরবাড়ির লোকজন। তা দিতে না পারায় ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ উঠেছে ওই পরিবারের বিরুদ্ধে।
২৩ বছর বয়সি নিহত তরুণীর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই একটি গাড়ি এবং মোটা অঙ্কের নগদ টাকার জন্য তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হত। গত ৭ সেপ্টেম্বর যৌতুক নিয়ে পারিবারিক অশান্তি চরম আকার ধারণ করলে, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে দোতলার ছাদ থেকে নিচে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে ওই তরুণীর। মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি FIR দায়ের করেছে। ঘটনায় ইতিমধ্যেই তরুণীর স্বামী এবং শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে এলাকার সিসিটিভি ফুটেজ তদন্তকারীরা হাতে পেয়েছেন। সেখানে বধূকে ছাদ থেকে পড়ে যেতে দেখা গিয়েছে। অভিযোগ, পণের টাকা দিতে না-পারায় তাঁরা তরুণীকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছেন।
একবিংশ শতাব্দীর এমন ঘটনা এটাই প্রমাণ করে যে, আমরা প্রযুক্তিতে উন্নত হলেও মানসিকভাবে এখনো অন্ধকার যুগেই পড়ে আছি।