ভারতকে দুর্বল করবেন না, রাহুলকে হুঁশিয়ারি হিমন্তর
নিউজ ডেস্ক: নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা জয়ী হওয়ার পর রাহুল গান্ধীকে হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর স্পষ্ট কথা, নাটক করবেন না, ভারতকে দুর্বল করবেন না।
নগাঁওয়ের জয়কে হিমন্ত আখ্যা দিয়েছেন এটা রাহুল গান্ধীর মারাত্মক পরাজয়। রাহুল গান্ধীর রাজনীতির পরাজয়ের প্রমাণ নগাঁও লোকসভার ফল, বলেন হিমন্ত বিশ্ব শর্মা। এরপরই হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধীকে, নাটক করবেন না। আমাদের দেশকে দুর্বল করবেন না। এমন কোনও রাজনীতি করবেন না যা আমাদের সংস্কৃতিকে দুর্বল করে, আমাদের দেশকে দুর্বল করে।
হিমন্ত আরও অভিযোগ করেন যে, রাহুল গান্ধী এমন মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন যারা ভারতের অগ্রগতি চায় না।
নির্বাচনের ফলাফল রাহুল গান্ধীর জন্য বার্তা, দাবি করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ভোটাররা রাহুল গান্ধীকে স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনও নির্দিষ্ট রাজনীতিক বা ব্যক্তির চেয়ে দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
হিমন্ত বলেন, অসমের মানুষ হিসেবে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে রাহুল গান্ধীকে মনে করিয়ে দিয়েছি যে, ভারত আপনার ঊর্ধ্বে। দেশ আপনার ঊর্ধ্বে। আপনি দেশের ঊর্ধ্বে নন। রাহুল গান্ধীর কাছে এই নির্বাচনের বার্তাটি এটাই, বলেছেন হিমন্ত।
নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা ১,৪০,২০৯ ভোটের ব্যবধানে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে পরাজিত করেছেন। এই ফলাফল কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা, কারণ কংগ্রেস প্রার্থী শিবমণি বরা তৃতীয় স্থান অধিকার করেছেন। দুবছর আগে লোকসভা নির্বাচনে নগাঁও লোকসভায় দুলক্ষের বেশি ভোটে জিতেছিলেন কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ। তিনি বিজেপিতে যোগ দেওয়ায় এই আসনটি খালি হয়ে যায়।