শিয়ালদহে রেললাইনের নিচে নিকাশি নালায় ধস

8

পৃথা দাশগুপ্ত কলকাতা: শিয়ালদহ দক্ষিণ শাখায় রেললাইনের পাশের বহু পুরনো নিকাশি নালায় ধস। শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে স্টেশন থেকে বেরনোর ঠিক মুখেই এই বিপত্তি ‌। লুপ লাইনের তলায় নিকাশি নালার পাইপ ফেটে বিপত্তি ঘটে।

মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত প্রায় দেড়শো বছরের পুরোনো এই ভূগর্ভস্থ নিকাশি নালা। এখন পরিষেবা স্বাভাবিক । সকাল থেকে একযোগে কাজ করেছেন রেল ও পুরসভার কর্মীরা। ট্রেন চলাচলে কোন‌ও ব্যাঘাত ঘটেনি সংযোগকারী লাইনের নীচে এই ধস নামার ফলে।

শিয়ালদহ স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে এই লুপ লাইন। রবিবার প্রথম ধস নামতে দেখেন স্থানীয়রা। গত দু’দিনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। একদিকে রক্ষা যে, এই লাইন দিয়ে যাত্রিবাহী ট্রেন চলাচল করে না ।

সকাল থেকে রেল পরিষেবা স্বাভাবিক রেখেই মেরামতির কাজ চলেছে। তবে শিয়ালদহের দক্ষিণ শাখায় যেহেতু নিত্যদিনের প্রচুর ব্যস্ততা রয়েছে তাই ধসের খবর পাওয়ার পরেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।