নিউজ ডেস্ক: নয়াদিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি শুরু হওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ। যন্তরমন্তরে রওনা হওয়ার আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে। সম্প্রতি তিনি জার্মানি থেকে ভারতে এসেছেন।
দিল্লির এয়ারপোর্টে বিমান অবতরণ করতেই তার ভেতর থেকে আটক করা হয় ককরোচ জনতা পার্টির তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে।
সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়েছে। দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। দুপুর পর্যন্ত বাতিল দিল্লিগামী যাবতীয় মেল ও এক্সপ্রেস ট্রেন। রাজধানীর প্রায় সব রাস্তা পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে আধাসেনা বাহিনীও। প্রতিটি রাস্তার মোড়ে জমায়েত ও প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে ঘোষণা করে যাচ্ছে পুলিশ।
শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে ধ্রুব রাঠির বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে যন্তরমন্তরে না যাওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু ধ্রুব রাঠি পুলিশের অনুরোধ শোনেননি। তারপরেই তাঁকে আটক করা হয়।
পুলিশি পদক্ষেপের নিন্দা করে সমাজমাধ্যমে সিজেপি লিখেছে, ‘ধ্রুব রাঠি আটক। একনায়ক তরুণ-তরুণীকে দেখে আতঙ্কিত, যারা তাঁর অপকর্ম নিয়ে প্রশ্ন তুলছে এবং চুপ করে থাকতে চাইছে না। শুধু ধ্রুব রাঠি নয়, একাধিক জনপ্রিয় ইউটিউবারকে আটক করা হয়েছে শনিবার।

দিল্লির বিস্তীর্ণ অংশে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে অনেককে আটক করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী। সকাল পর্যন্ত ১৫০ জনকে আটকের খবর এসেছে। আরেকটি সূত্র জানাচ্ছে, আটকের সংখ্যা হাজারের বেশি। জনপথ-কর্তব্যপথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট বন্ধ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারের ইস্তফা চেয়ে শনিবার প্রতিবাদ কর্মসূচির আহ্বান করেছিল সিজেপি। এ ছাড়া তাদের দাবি এসআইআর প্রত্যাহার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন। পুলিশের অতিরিক্ত সক্রিয়তাকে কটাক্ষ করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন। দেশের যুবপ্রজন্মকে ভয় পেলে তিনি এখনও প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন কেন? মোদী-শাহ কি দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছেন?