জ্ঞানেশকুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন রাহুল-অখিলেশের

45

নিউজ ডেস্ক: জ্ঞানেশকুমার ও এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা। দিল্লির বারাখাম্বা রোড থেকে মিছিল করে সুপ্রিম কোর্টে যান বিরোধী নেতানেত্রীরা। তবে সুপ্রিম কোর্টের ভেতরে ঢোকেননি রাহুল-মমতা, তাঁদের পক্ষে পিটিশন জমা দেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিংভি।
নির্বাচন কমিশনের অনিয়ম, জ্ঞানেশকুমারের স্বেচ্ছাচারিতা, ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়া, এসআইআর বাতিলের মতো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে দেখা করতে চেয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। সেই প্রস্তাব ফিরিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা। এই সমস্ত গণতান্ত্রিক কার্যকলাপ চালিয়ে যাওয়া উচিত। আমি আন্দোলনকারীদের কাছে অনুরোধ করেছি, সুপ্রিম কোর্টকে রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন। কিন্তু আইনজীবী, আদালতের কর্মী, মামলা-মোকদ্দমার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের কাজকর্মে যেন বাধা না আসে। বিরোধী নেতানেত্রীদের উদ্দেশে প্রধান বিচারপতি বার্তা দেন, ব্যক্তিগত সাক্ষাৎ নয়, এসআইআর নিয়ে মামলা চলছে, সেখানে পিটিশন দিন।
এরপরই দুপুরে সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী জানিয়ে দেন, প্রধান বিচারপতির পরামর্শে তাঁরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করবেন। সেই অনুযায়ী পিটিশন জমা দেয় বিরোধী ইন্ডিয়া ব্লক। পিটিশনে স্বাক্ষর করেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সৌগত রায়, অখিলেশ যাদব, সঞ্জয় রাউত, সুপ্রিয়া সুলে, এম এ বেবি, ডি রাজা, মহুয়া মাজি, মহম্মদ বাশির প্রমুখ। মোট এগারোটি দলের নেতা-নেত্রী পিটিশনে স্বাক্ষর করেছেন।
সোমবার দুপুরে মধ্য দিল্লিতে হাজার হাজার মানুষ সমবেত হন। তিনটি বাসে বিরোধী নেতা-নেত্রীরা এগোতে থাকেন সুপ্রিম কোর্টের দিকে। কনট প্লেস এবং মান্ডি হাউসের মধ্যবর্তী এলাকায় বিরোধীদের সমর্থকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বিরোধী জোটের ব্যানারে আয়োজিত চলো দিল্লি – গণতন্ত্রের জন্য পদযাত্রা কর্মসূচিতে বিরোধী নেতা-নেত্রীরা কনট প্লেস-বারাখাম্বা রোড সংযোগস্থলের কাছে একত্রিত হন। রাহুল গান্ধী তাঁর দুই পাশে বোন প্রিয়াঙ্কা এবং আইসা সভানেত্রী নেহা বরাকে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে হাঁটতে থাকেন। তাঁদের সঙ্গে ছিলেন ইন্ডিয়া জোটের হাজার হাজার সমর্থক ও নেতা। কিছুটা পথ এগোনোর পর পুলিশ বিরোধী নেতাদের আটকে দেয়। এরপর রাহুল-প্রিয়াঙ্কা-নেহা একটি ট্রাকে উঠে পড়েন। সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে সহ বেশ কয়েকজন বিরোধী নেতা।