কুণাল ঘোষের উপর হামলা নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

38

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কুণাল ঘোষ এর ওপর একাধিকবার হামলা। নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি ছিল আজ। কলকাতার পুলিশ কমিশনারকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, এই ধরনের ঘটনা আর যেন ভবিষ্যতে না ঘটে। তবে এই মামলা যেহেতু প্রধান বিচারপতির শোনা এখনো বাকি, তাই পরবর্তী শুনানি সেখানেই হবে।

কয়েক দিন আগে হুগলির শ্রীরামপুরে কোর্ট ময়দানে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় নেত্রী পৌঁছানোর কিছুক্ষণ আগে উপস্থিত থাকার কথা ছিল কুণাল ঘোষের। উত্তরপাড়ায় রড,লাঠি,পাথর ও ইট দিয়ে গাড়িতে ভাঙচুর করা হয় ৷ গাড়ির কাচে ডিমও ছোঁড়া হয় বলে অভিযোগ।‌ আহত হন তিনি।

২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফুলবাগানে যাওয়ার পথে হামলা চলে তাঁর উপর। অভিযোগ, ১৫ থেকে ২০ জনের বাইকবাহিনী তাঁর গাড়ি লক্ষ্য করে পথ আটকায় এবং হামলা চালায় বলে অভিযোগ
‌। হামলাকারীদের কয়েক জনের হাতে রিভলভার ছিল বলে অভিযোগ করেন কুণাল ঘোষ।

বিচারপতি জানতে চান, একজন ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা থাকা সত্ত্বেও একাধিকবার কি করে এই ঘটনা ঘটে?

কুণাল ঘোষের আইনজীবীর বক্তব্য, “একজন প্রাক্তন বিধায়ক অন্য দলে গেলেন। তারপর তিনি সশস্ত্র বাহিনী পাচ্ছেন। অথচ এক সময় ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হত। আজ বন্ধ করে দেওয়া হয়েছে। দু’জন নিরাপত্তা রক্ষী পর্যাপ্ত নয়।‌ কোন জায়গায় যেতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। গাড়িতে হামলা হয়েছে।”

কলকাতার পুলিশ কমিশনারকে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন , এ ধরনের ঘটনা যাতে না ঘটে এবং কুণাল ঘোষ যাতে পর্যাপ্ত নিরাপত্তা পান, তা নিশ্চিত করতে হবে । এই কথা জানিয়ে মামলাটি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি ভট্টাচার্য।