নিউজ ডেস্ক: ভোটচুরি, এসআইআর প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের আন্দোলনকে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে, বিদেশি শক্তির প্রতিনিধিত্ব করছে কংগ্রেস এবং রাহুল গান্ধী। এখানেই না থেমে হিমন্ত বলেছেন, প্রতি পাঁচ বছর অন্তর এসআইআর হওয়া উচিত। বিভিন্ন এলাকায় জনবিন্যাস বদলে গিয়েছিল, এসআইআর সেটা ঠিক করছে।
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তের সংসদে ভাষণের প্রসঙ্গ উল্লেখ করেন হিমন্ত, যেখানে অসমের ভোটার তালিকায় প্রায় ৩০ লক্ষ বিদেশি নাগরিকের নাম থাকার বিষয়টি উঠে এসেছিল। হিমন্ত যুক্তি দেন যে, অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি ভোটার তালিকা যাচাই এবং অবৈধ অভিবাসন সংক্রান্ত উদ্বেগের সমাধানের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।
ভোটার তালিকায় বিদেশি নাগরিকদের উপস্থিতির অভিযোগ করে হিমন্তর প্রশ্ন আজ কেন দেশের জন্য এসআইআর প্রয়োজন? তিনি দাবি করেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে এবং বিভিন্ন রাজ্যে জনবিন্যাস পরিবর্তনের সঙ্গে এর যোগ রয়েছে।
এসআইআর প্রক্রিয়ার বিরোধিতার জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন হিমন্ত। তিনি বলেন যে, পশ্চিমবঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ করার সাহস না থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন।
নগাঁওয়ে বিজেপির জয়ের পক্ষে যুক্তি দিয়ে হিমন্ত বলেন, এই ফলাফল নির্বাচনী কারচুপির অভিযোগ মিথ্যা প্রমাণ করেছে। যদি ভোট চুরি হত, তবে ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হত।
হিমন্তর দাবি, ধর্মীয় সংখ্যালঘু-প্রধান নির্বাচনী এলাকার মানুষও বিজেপির জয় উদযাপন করছে।
রাহুল গান্ধী ও কংগ্রেস বর্তমানে বিদেশি শক্তির নির্দেশে কাজ করছে, অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার।
Prev Post