হিমাশ্রীর মৃত্যুর জেরে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

42

নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশের রেললাইনের পাশে উদ্ধার হয়েছিল অসমের তরুণী হিমাশ্রী বড়োর দেহ। তাঁর মৃত্যুতে পাঁচজন জড়িত বলে অভিযোগ করেছে হিমাশ্রীর পরিবার।
অন্ধ্রপ্রদেশ থেকে ট্রেনে ফেরার সময় নিখোঁজ হয়ে যান হিমাশ্রী। তারপর অন্ধ্রপ্রদেশে রেললাইনের পাশে উদ্ধার হয় হিমাশ্রীর দেহ। ২০ বছর বয়সি হিমাশ্রী বড়োর পরিবার সন্দেহভাজন হিসেবে পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। রেলওয়ে পুলিশ থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। এদিকে, অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল হিমাশ্রীর মৃত্যুর কারণ ও পরিস্থিতি তদন্ত করতে এসেছে অসমে।
হিমাশ্রীর পরিবারের অভিযোগে গোবিন্দ রেড্ডি, আজিনুর হোসেন, সুমিত্রা দেউরি, জ্যোতি চৌধুরী এবং অবিনাশের নাম রয়েছে। পরিবারের দাবি, এই পাঁচজন হিমাশ্রীর মৃত্যুর সঙ্গে জড়িত।
রেলওয়ে পুলিশ থানায় তলব করার পর পরিবারটি অন্ধ্রপ্রদেশ পুলিশ দলের সামনে জিআরপি থানায় হাজির হয়েছিলেন হিমাশ্রীর পরিবারের সদস্যরা। আরও তথ্য সংগ্রহের জন্য অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল মঙ্গলবার হিমাশ্রীর বাড়িতে যাচ্ছে।
সোমবার হিমাশ্রীর বাড়িতে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উপযুক্ত তদন্ত করার আশ্বাস দেন তিনি।
গুয়াহাটির বি বরুয়া কলেজের ছাত্রী হিমাশ্রী অসমের একটি নৃত্যদলের সঙ্গে বিশাখাপত্তনমে গিয়েছিলেন। ৬ অক্টোবর ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে করে গুয়াহাটি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
তারপর অন্ধ্রপ্রদেশে রেললাইনের পাশে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি এখনও অস্পষ্ট। কী ঘটেছিল তা নিশ্চিত করতে তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।