দুর্বল কাঠামো! পাকিস্তানে স্কুলের ছাদ ভেঙে ২৮ পড়ুয়ার মৃত্যু

26

নিউজ ডেস্ক: পাকিস্তানে স্কুলের ছাদ ভেঙে ২৯ জনের মৃত্যু। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের স্কুলের ঘটনা। নিহতদের মধ্যে ২৮ জনই পড়ুয়া এবং একজন শিক্ষিকা। মৃত শিশুদের সকলেরই বয়স ১৩ বছরের কম। উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নীচে চলছে প্রাণের খোঁজ। উদ্ধারকাজে গতি আনতে এবং অ্যাম্বুল্যান্স চলাচলের সুবিধার জন্য ‘গ্রিন করিডর’-এর নির্দেশ দেওয়া হয়েছে।

পেশোয়ারের অত্যন্ত ঘিঞ্জি এলাকায় রয়েছে স্কুলটি। বৃহস্পতিবার সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের ছাদ। ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের আহত হওয়ার খবর মিলেছে। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অভিভাবকেরা স্কুল চত্বর ও হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেসরকারি স্কুলভবনটি অত্যন্ত জীর্ণ ও কাঠামোগতভাবে দুর্বল ছিল। তবে ঠিক কী কারণে ছাদটি ভেঙে পড়ল, খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্কুলের মালিককে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। তাঁরা সমবেদনা জানিয়েছেন শোকসন্তপ্ত পরিবারগুলিকে। খাইবার পাখতুনখোয়ার রাজ্যপালও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।