কালীঘাটে পুজো দিয়ে আহতদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

21

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা। মণ্ডপের ভিতরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৯ জনের। আহত বহু। এর মাঝেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শহরে এসে অধিক সপ্তমীর সকালে তিনি প্রথমে যান কালীঘাট মন্দিরে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ আরও নেতৃত্ব। কালীঘাটে পুজো দেওয়ার পর সোজা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান তিনি।

মন্দিরে পুজো ও প্রার্থনা শেষে শাহ সরাসরি চলে যান বাইপাসের ধারের হাসপাতালে । চোরবাগান দুর্ঘটনায় প্রতিটি আহত মানুষের সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের পরিজনদের প্রতি সমবেদনা জানান।

প্রথম সপ্তমীর রাতে কলকাতায় পৌঁছনোর পরই চোরবাগানের এই মর্মান্তিক বিপর্যয়ের খবরে গভীর শোকপ্রকাশ করেছিলেন তিনি। আজ দ্বিতীয় সপ্তমীর দিন তাঁর একাধিক হাই-প্রোফাইল পুজো মণ্ডপ পরিদর্শনের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও, এই বড় দুর্ঘটনার জেরে তিনি এক ঝটকায় সমস্ত কর্মসূচি বাতিল করে দেন।

চোরবাগানের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।